ধর্ষণে ব্যর্থ হয়ে থেঁতলে দেওয়া হল কলেজছাত্রীর মাথা
রংপুরের পীরগঞ্জ উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে এক কলেজছাত্রীর (২৫) মাথা লাঠি ও ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে।
উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজমপুর গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান।
ওই ছাত্রীকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক খাদিজা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েটির মাথায় ইট ও লাঠি দিয়ে আঘাত করে থেঁতলে দেওয়া হয়েছে। তার পুরো মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। মুখের কয়েক স্থানে আঁচড়ের চিহ্নও আছে।
তবে মেয়েটি এখন আশঙ্কামুক্ত বলে জানান তিনি।
ওই ছাত্রীর বরাত দিয়ে ওসি রেজাউল বলেন, বগুড়ার একটি কলেজে পড়ে মেয়েটি। ঈদের ছুটিতে কয়েক দিন আগে বাড়িতে আসেন। তারা দুই ভাই-বোন; মা-বাবা নেই।
“বুধবার রাত আড়াইটার দিকে এলাকার চার যুবক দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে মেয়েটির মুখ ও হাত-পা বেঁধে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে তার মুখের বাঁধন খুলে গেলে চিৎকারে ছোট ভাই ও আশপাশের লোকজন জেগে গেলে ইট ও লাঠি দিয়ে মাথা থেঁতলে পালিয়ে যায়।”
রাতেই স্বজনরা তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে জানান ওসি।
নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মেয়েটির তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
মেয়েটির বরাত দিয়ে পীরগঞ্জের সাংবাদিক সরোয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে আমরা কয়েকজন সাংবাদিক মেয়েটিকে দেখতে গেলে তিনি ছবি না তোলা অনুরোধ করেন। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে হত্যা করবে বলে যুবকরা পালিয়ে যাওয়ার সময় হুমকি দিয়ে গেছেন।”
“চারজনের মধ্যে তিনজনকে চিনতে পেরেছেন বলে মেয়েটি আমাদের জানিয়েছেন। নিরাপত্তা চেয়ে তার ছোট ভাই পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান।”
অভিযোগ পাওয়ার পর হামলাকারীদের খোঁজা হচ্ছে বলে জানান ওসি।
