যশোর বিএনপির ২ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ
যশোর বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী সৈয়দ সাবেরুল হক সাবু ও নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলামকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
তবে পুলিশ এ অভিযোগ স্বীকার করেনি।
জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকালে শহরের মুজিব সড়কে জিলা স্কুলের প্রধান ফটকের কাছে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে যান সাবু ও যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম।
“পৌনে ৬টার দিকে সেখানে সাদা পোশাকে একদল লোক একটি গাড়ি ও চার-পাঁচটি মোটরসাইকেলে করে হাজির হয়। কিছু বুঝে ওঠার আগেই তারা সাবু ও মারুফকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়।”
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, “আমরা জানতে পেরেছি, পুলিশই তাদের নিয়ে গেছে।”
নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, “সাবেরুল ও মারুফুল রাজনৈতিক মামলাগুলোয় জামিনে আছেন। ঈদের আগমুহূর্তে এমন একটি নিরীহ কর্মসূচি থেকে নেতাদের ধরে নিয়ে যাওয়া খুবই দুঃখজনক।”
এদিকে পুলিশ দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।
কোতোয়ালি থানার ওসি আবুল বাশার সাংবাদিকদের বলেন, “ওই দুই নেতাকে আটকের বিষয়টি আমার নলেজে নেই।”
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামানও দাবি করেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
