সাতক্ষীরায় ঘুষসহ সাঁট লিপিকার আটক, প্রতিবাদ জেলা পরিষদের
সাতক্ষীরায় ঘুষ নেওয়ার অভিযোগে জেলা পরিষদের এক সাঁট লিপিকারকে আটককে সাজানো উল্লেখ করে প্রতিবাদ করেছে পরিষদ কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবে জেলা পরিষদ চেয়ারম্যানসহ অন্য সদস্যরা সংবাদ সম্মেলনে এ ঘটনার প্রতিবাদ করেন।
মঙ্গলবার সকালে এ কে এম শাহীদুজ্জামানকে ঘুষের এক লাখ টাকাসহ আটক করা হয় বলে দুর্নীতি দমন কমিশনের দাবি।
সংবাদ সম্মেলনে প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, “যার কাছে কোনো ফাইল যায় না সেই ব্যক্তিকে এক লাখ টাকাসহ আটক করার যে তথ্য দুদক দিয়েছে তা সম্পূর্ণ সাজানো ও পূর্ব পরিকল্পিত।”
বাবু বলেন, টাকাসহ আটক করার কথা বলছে দুদক। তাহলে তারা টাকা দেখাতে পারেনি কেন? তারা প্রকাশ্য হয়নি কেন এখনও?
জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, তার আমলে জেলা পরিষদের পারিষদবর্গ এক টাকারও অনৈতিক লেনদেন করেননি।
সংবাদ সম্মেলনে জেলা পরিষদ চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ছাড়াও জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা, মাহফুজা খাতুন রুবি উপস্থিত ছিলেন।
দুদকের পরিচালক আবুল হাচান সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সকালে অফিস কক্ষ থেকে ঘুষের এক লাখ টাকাসহ দুদক জেলা পরিষদের ষাঁট লিপিকার এ কে এম শাহীদুজ্জামানকে আটক করা হয়েছে।
তিনি বলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রকল্প ছাড়করণে ঘুষ লেনদেনের অভিযোগ দীর্ঘ দিনের। গোপন সংবাদ পেয়ে দুদকের একটি টিম সকাল থেকে জেলা পরিষদ কার্যালয়ে অবস্থান করতে থাকে।
“একটি মাধ্যামিক বিদ্যালয়ের জেলা পরিষদ প্রদত্ত অনুদান ছাড়করণে জনৈক শিক্ষক এক লাখ টাকা শাহীদুজ্জামানকে দেওয়া মাত্র দুদক টিম তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়।”
