২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বৃষ্টিতে জলজট, বাস উল্টে আহত ২০

কয়েক ঘণ্টার টানা বর্ষণে গাজীপুরে সড়ক-মহাসড়কে জলজট ও যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও পথচারীরা ভোগান্তির শিকার হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2018, 08:04 PM

Updated : 11 Oct 2022, 12:24 PM

মঙ্গলবার বিকালে এই বৃষ্টিতে সদর উপজেলার রাজেন্দ্রপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাস উল্টে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। 

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

গাজীপুর ট্রাফিক বিভাগের এএসপি সালেহ উদ্দিন আহমদ জানান, বেলা আড়াইটার দিকে ভারি বৃষ্টিপাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, বাসন সড়ক, মালেকের বাড়ি, সাইনবোর্ড, চান্দনা-চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে পানি জমে যায়।

“এতে যানবাহন ধীরগতিতে চলতে গিয়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের লাইন সৃষ্টি হয়, যা সালনা পর্যন্ত পার হয়ে যায়।”

এ সময় পথচারীরা রাস্তায় নেমে এলে ভোগান্তিতে পড়েন এবং সড়ক-মহাসড়কে যানজটের সৃষ্টি হয় বলে তিনি জানান।

নাওজোর মহাসড়ক ফাঁড়ির ইন্সপেক্টর মো. অহিদুল ইসলাম বলেন, বৃষ্টি চলাকালে রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্যামলী পরিহনের একটি যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের মাঝখানে কাত হয়ে উল্টে যায়। এতে ওই বাসের ১৫-২০ জন যাত্রী আহত হন।

“তাদের উদ্ধার কারে ফায়ার সার্ভিস ও এলাকাবকাসী বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে গেছে।”

গোড়াই হাইওয়ে থানার ওসি একেএম কাউসার বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা কর্তব্যরত সালনা হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা বলেন, ওই এলাকায় গাড়ি চলাচল অনেকটাই স্বাভাবিক। তবে বৃষ্টি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানুষের চাপ বেড়ে যায় এবং যানবাহনের গতি সেখানে অনেক সময় কমে যায়।