২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ঘূর্ণিঝড়, লণ্ডভণ্ড বাড়িঘর

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় কয়েকটি গ্রামে ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2018, 02:39 PM

Updated : 11 Oct 2022, 12:24 PM

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌসিফ আহমেদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জানিয়ে বলেন, ১ নম্বর গলাচিপা ইউনিয়নের বোয়ালিয়া, পানপট্টি ইউনিয়নের সেনের হাওলা, তুলাতলি ও গ্রামর্দন এলাকায় এই ক্ষয়ক্ষতি হয়।

ঘূর্ণিঝড়টি সোমবার রাত সোয়া ৯টার দিকে মাত্র ৫০ সেকেন্ড স্থায়ী হয় বলে এলাকাবাসীর বরাতে প্রশাসনের লোকজন জানিয়েছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তপন কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি উড়ে গেছে।

“মাত্র ৫০ সেকেন্ডের টর্নেডোয় বোয়ালিয়ায় ২৫টি, পানপট্টি ইউনিয়নের সেনের হাওলা, তুলাতলি ও গ্রামর্দন এলাকায় অন্তত ৪০টি আধাপাকা ও কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।”

ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে বলে তিনি জানান।