২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ‘পাওনা টাকা চাইতে গিয়ে’ স্কুলছাত্র খুন

পাওনা টাকা চাইতে গিয়ে রংপুরের বদরগঞ্জে এক স্কুলছাত্র খুন হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2018, 01:21 AM

Updated : 08 Apr 2022, 06:32 PM

নিহত রেজাউল ইসলাম (১৪) বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের গোয়ালাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। সে বদরগঞ্জ কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

সোমবার রাত সাড়ে ১০টায় বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে বলে বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানিয়েছেন।

 প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বদরগঞ্জ পৌরসভার বটপাড়া এলাকার নুর ইসলামের ছেলে ফিরোজ শাহর কাছে রেজাউলের বড়ভাই হাবিবুর ৩০ হাজার টাকা পাওনা ছিলেন।

“ফিরোজ শাহ সে টাকা দিচ্ছেলেন না। সোমবার রাতে বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে ফিরোজ শাহর দেখা পেয়ে না দেওয়ার কারণ জানতে চায় রেজাউল। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রেজাউলের বুকে ছুরি ঢুকিয়ে দেন ফিরোজ শাহ। ঘটনাস্থলেই মারা যায় রেজাউল।”

তার লাশ উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ঘটনার পর ফিরোজ শাহ এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানান ওসি আনিছুর।