২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বেতন দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ঢাকার আশুলিয়ায় বেতন ও ঈদের বোনাস দাবিতে ছয়টি পোশাক কারখানায় বিক্ষোভ দেখিয়ে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 03:42 PM

Updated : 11 Oct 2022, 12:24 PM

এর মধ্যে একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করার সময় পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে।

স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি আল কামরান জানান, সোমবার সকাল থেকে আশুলিয়ার কাঠগড়া এলাকার পজেটিভ ফ্যাশন ওয়্যার লিমিটেড, জামগড়া এলাকার লিন্ডা ফ্যাশন, পোশাক নিটওয়্যার লিমিটেড, গ্রিনলাইফ, কাঠগড়া এলাকার প্যান্টা ফোর, আমতলা এলাকার স্পাইসি ও চারাবাগ এলাকার অর্ক ডেনিম কারখানার শ্রমিকরা বিক্ষোভ দেখিয়ে কর্মবিরনি পালন করছেন।

কামরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বকেয়া এক মাসের বেতন, ঈদের আগে যে কয়দিন কাজ হয় তার মজুরি ও ঈদের বোনাসের দাবিতে শ্রমিকরা সকাল থেকেই বিক্ষোভ দেখানোর পাশাপাশি এই কর্মবিরতি পালন করছেন।

“এর মধ্যে কাঠগড়া এলাকার পজেটিভ ফ্যাশন ওয়্যার কারখানার শ্রমিকরা কারখানার সামনে বিমাইল-জিরাব সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজন শ্রমিক আহত হন।”

এ কারখানার শ্রমিক পারুল আক্তার, জাকির হোসেনসহ কয়েকজন অভিযোগ করেছেন, মে মাসের বেতন-ভাতা শনিবার দেওয়ার কথা ছিল। তা না দিয়ে পুলিশ দিয়ে আমাদের ওপর হামলা করিয়েছে।

এ বিষয়ে পজেটিভ ফ্যাশন ওয়্যার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কেউ কথা বলতে রাজি হননি।

আশুলিয়া শিল্পাঞ্চল ১-এর অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন বলেন, সড়ক অবরোধ করে ঈদে ঘরমুখী যাত্রীদের ভোগান্তি সৃষ্টি করায় তাদের লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়েছে।