ফরিদপুরে পানিতে ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পানিতে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রোববার উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান।
এরা হল কাঁঠালবাড়িয়া গ্রামের বাশার মাতুব্বরের মেয়ে মিম (৪) এবং তার ছোটভাই জামের আলী মাতুব্বরের মেয়ে জিমি (৭) ও ছেলে সাজ্জাদ (৫)।
শিশুদের চাচা এনামুল মাতুব্বর বলেন, জামের আলী পরিবার নিয়ে সদরপুরে বসবাস করেন। পরিবারের পক্ষ থেকে রোববার মসজিদে ইফতার মাহফিল করার কথা ছিল এ কারণে শনিবার সদরপুর থেকে ছেলে-মেয়ে নিয়ে গ্রামের বাড়িতে আসেন তিনি।
“রোববার বেলা ১টার দিকে মিম, জিমি ও সাজ্জাদ বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে সদরপুর আটরশি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুল বলেন, খবর শুনে ঘটনাস্থলেই লোক পাঠানো হয়েছে।
