২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে গাইবান্ধায় গুলিবিদ্ধ ৩

গাইবান্ধা শহরে পুলিশের মাদকবিরোধী অভিযানে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2018, 03:23 PM

Updated : 19 Aug 2022, 02:09 PM

সদর থানার ওসি খাঁন মো. শাহারিয়ার জানান, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে শহরের নতুন ব্রিজ এলাকায় পুলিশ অভিযানে গেলে মাদক বিক্রেতারা তাদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ গুলি করলে তারা আহত হন।

গুলিবিদ্ধরা হলেন - গাইবান্ধা পৌর এলাকার বাসিন্দা জিম, সবুজ ও মশিউর।

তারা গাইবান্ধার চিহ্নিত মাদক বিক্রেতা বলে পুলিশের ভাষ্য।

মে মাসে প্রধানমন্ত্রীর নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে মাদকবিরোধী অভিযান ‍শুরুর পর প্রতি রাতে ‘মাদক কারবারি’ বা ‘ডাকাত’ গুলিবিদ্ধ হচ্ছেন। গুলিতে শনিবার পর্যন্ত নিহতের সংখ্যা ১৩৫ জনে পৌঁছায়।

অধিকাংশ ঘটনার ক্ষেত্রে বলা হচ্ছে, মাদক কারবারি বা ডাকাতরা আইন-শৃঙ্খলা বাহিনীর দিকে গুলি ছোড়ার পর আইন-শৃঙ্খলা বাহিনী পাল্টা গুলি চালালে হতাহতের এসব ঘটনা ঘটে।

ওসি শাহারিয়ার বলেন, “রাতে শহরের ঘাঘট নদীর বাঁধের ওপর চিহ্নিত মাদক বিক্রেতা জিম তার সহযোগীদের নিয়ে মাদক কেনাবেচা করছিলেন।

“খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় জিম ও তার সহযোগী মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে তিনজন গুলিবিদ্ধ হন। আর তাদের হামলায় আহত হয় পাঁচ পুলিশ।”

গুলিবিদ্ধ তিনজনকে গ্রেপ্তার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “তাদের মধ্যে জিম পুলিশের তালিকাভুক্ত জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। তার সহযোগী সবুজ ও মশিউরও চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশের ওপর হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সদর থানায় আরেকটি মামলা হয়েছে।”

অভিযানে মাদক বিকেতাদের হামলায় পাঁচ পুলিশ আহত হয় জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনজন থানায় ফিরলেও এএসআই হারুন ও জাহিদুল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।