২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরু ফসল খাওয়ায় বিবাদ, মারধরে কৃষক নিহত

দিনাজপুরে গরু বাদাম ক্ষেত খাওয়ায় বিবাদের জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন; এ ঘটনার পর দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন আরও পাঁচজন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2018, 07:21 PM

Updated : 19 Aug 2022, 02:09 PM

শুক্রবার শিবরামপুর ইউনিয়নের আরাজি মিলনপুরে এই ঘটনা ঘটে।

নিহত আহম্মেদ আলী (৭৫) আরাজি মিলনপুর গ্রামের মৃত তাহের আলী আকন্দের ছেলে।

আহতরা হলেন একই গ্রামের আহম্মেদ আলীর স্ত্রী মোছা. আমীরজান (৬০), ছেলে আব্দুর রহিম (৩৪), নাজিম উদ্দিন (২৮), মোহাম্মদ আলীর স্ত্রী মোছা. অবিরন (৪০) এবং হাবিবুর রহমানের ছেলে শাকিল ইসলাম (১৬)।

তাদেরকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বীরগঞ্জ থানার এসআই সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহম্মেদ আলী বেলা আড়াইটার সময় বাড়ির পাশে বাদাম ক্ষেতে গিয়ে দেখেন প্রতিবেশী কুদ্দুসের গরু ফসল খাচ্ছে। এ সময় তিনি গরুটি ধরে নিয়ে যাওয়ার সময় কুদ্দুসসহ তার পরিবারের লোকজন আহম্মেদ আলীকে লাঠিসোঠা দিয়ে বেদম প্রহার করে। এতে ঘটনাস্থলেই আহম্মেদ আলীর মৃত্যু হয়।

এসআই সাইদুর বলেন, এ খবর  পেয়ে আহম্মেদ আলীর ছেলে মেয়ে এবং পরিবারের সদস্যরা ওই জায়গায় ছুটে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভীন বলেন, এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।