২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে: স্পিকার

আমাদের দেশে সব ধর্মের মানুষ শান্তিতে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2018, 06:34 PM

Updated : 11 Oct 2022, 12:24 PM

শুক্রবার ঢাকার আশুলিয়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে তিনি বলেন, “দেশের আনাচেকানাচে উন্নয়নের জোয়ার বইছে। দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে।”

আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “এবারের বাজেট অনেক বড়। দেশে দারিদ্র্যের হার ৪০ থেকে ২৩ ভাগে নামিয়ে আনা হয়েছে এবং অতি দারিদ্র্য দূরীকরণে সরকার জোরালো ভূমিকা পালন করে আসছে।”

আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র (বৌদ্ধ বিহারে) শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী আন্তর্জাতিক বৌদ্ধ শান্তি সম্মেলনের আয়োজন করেছে।

বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক আসিন জিন রক্ষিত থের-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভারের সংসদ সদস্য এনামুর রহমান, আশুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া প্রমুখ।

এছাড়া কয়েকশ বৌদ্ধ ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।