বাজেটে নির্বাচনের বিষয় নেই: ওবায়দুল কাদের
দেশের সর্বস্তরের মানুষের কথা মাথায় রেখে বাজেট করা হয় মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাজেটে নির্বাচনের কোনো বিষয় নেই।
শুক্রবার নারায়ণগঞ্জের তিনি বলেন, “বাজেট দেশের উন্নয়নের স্বার্থে ও জনগণের স্বার্থে করা হয়। বাজেট করা হয় দেশের সর্বস্তরের মানুষের কথা মাথায় রেখে। বাজেট এখনও পাশ হয়নি। শেষ পর্যন্ত মানুষের প্রতিক্রিয়াটা লক্ষ করছি।
“বাজেটে নির্বাচনের কোনো বিষয় নেই। গত বছরও বিরাট বাজেট হয়েছে। তখন তো নির্বাচনের বিষয় ছিল না।”
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। এই বাজেটকে অনেকেই নির্বচানের আগে দেশের মানুষকে তুষ্ট করার বাজেট বলছেন।
বড় বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়েই এই বাজেট পেশ করা হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, “বাজেটে ছোটখাট আলোচনা প্রতিক্রিয়া হবে, সংসদে সংসদ সদস্যরা আলাপ আলোচনা করবেন, জনগণের প্রতিক্রিয়া যদি কোনো বিষয় সংশোধন করার প্রয়োজন হয় সেটা সরকার মেটাবে।”
বড় বাজেট বড় চ্যালঞ্জ। বড় চ্যালেঞ্জ মোকাবেলা করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে। এ কারণে বড় বাজেট পেশ করা হয়েছে বলে মন্তব্য করেন কাদের।
তিনি বলেন, সোশাল সেফটি নেটওয়ার্ক কভারেজের আওতায় কয়েকলক্ষ গরিব মানুষকে আনা হয়েছে। সরকার সবচেয়ে বেশি যে বিষয়টা মাথায় রেখেছে তা হলো গরিব মানুষের স্বার্থ।
“সেখানে কিছু কিছু সমালোচনা আছে, আর বিরোধীদলের মন্তব্য বেপরোয়া, সবকিছুতে তারা নেগেটিভ খোঁজে। বাজটে ভালো হয়েছে বলেই বিরোধীদলের প্রতিক্রিয়া একটু বেশি হবে।”
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোল প্লাজার যানজট নিরসনের বিকল্প হিসেবে আগামী ১২ জুন থেকে মেঘনা নদীতে যানবাহন পারাপারে ফেরি সার্ভিস চালু হবে।
ওবায়দুল কাদের বলেন, মেঘনা টোল প্লাজায় যানজট নিরসনের বিকল্প হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে আপদকালীন সময়ের জন্য পুরতন মেঘনা ঘাটে ফেরি সার্ভিস চালু হচ্ছে। ঈদের আগে ১২ জুন থেকে এই ফেরি দিয়ে যানবাহন পারাপার করবে।
“তবে মেঘনা-গোমতী নদীতে (দাউদকান্দি) ফেরি সার্ভিস চালু ডিফিকাল্ট। নদীতে পলি জমে গেছে। নৌ পরিবহন মন্ত্রণালয়কে বিয়টি আমারা জানিয়েছি। তারা ড্রেজিং তাড়াতাড়ি করে দিলে ঈদুল আজহার সময় গোমতীতে ফেরি সার্ভিস চালু করা যাবে।”
মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজায় টোলের খুচরা টাকা লেনদেন করতে গিয়ে অনেক সময় বেশি সময় পেরিয়ে যায়। টোলের সমপরিমাণ টাকা প্রস্তুত রাখার জন্য পত্রিকায় বিজ্ঞাপন ও ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়েছে। আরও প্রচার দরকার আছে বলে মনে করেন মন্ত্রী।
রাস্তার জন্য কোথাও যানজট হবে না বলে মন্ত্রী বলেন, রাস্তায় গাড়ি বিকল হলে বা রং সাইডে গাড়ি আসলে যানজট হবে। এটা ঠেকানো খুব কঠিন। আমরা সিরিয়াসলি চেষ্টা করছি রং সাইডে গাড়ি চলাচল ঠেকাতে।
