২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর সিটি নির্বাচন: কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু ২১ জুন

গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণে প্রায় নয় হাজার কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে ২১ জুন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2018, 06:03 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ২১ ও ২২ জুন প্রায় নয় হাজার ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ২৪ জুন প্রশিক্ষণ দেওয়া হবে আইনশৃঙ্খলা বাহিনীর ৫০৩ জন কর্মকর্তাকে।

গত ১৫ মে ভোট হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতা নিয়ে রিট হলে আদালত তা স্থগিত করে। পরে উচ্চ আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করলে নির্বাচন কমিশন ২৬ জুন ভোটের নতুন দিন ঠিক করে।

রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশিক্ষণ হবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হাইস্কুল, ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) হাইস্কুল, ব্রির প্রগতি প্রাথমিক বিদ্যালয়, জয়দেবপুর সরকারি গার্লস হাইস্কুল ও রানী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয়ে।

দৈনিক সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং, পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। আর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বঙ্গতাজ অডিটোরিয়ামের হলরুমে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান, ইতোমধ্যে প্রশিক্ষণার্থীদের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। ৪২৫টি ভোটকেন্দ্রের জন্য ৪২৫ জন প্রিজাইডিং কর্মকর্তা, ২৭৬১টি ভোটকক্ষের জন্য একজন করে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও প্রতিটি ভোটকক্ষে দুইজন করে পোলিং কর্মকর্তাকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সঙ্গে সব ক্ষেত্রে পাঁচ শতাংশ রিজার্ভ কর্মকর্তাকেও প্রশিক্ষণ দেওয়া হবে। সব মিলিয়ে তাদের সংখ্যা প্রায় নয় হাজার।

ছয় কেন্দ্রে ইভিএম তিন কেন্দ্রে সিসি ক্যামেরার প্রস্তাব

রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন বলেন, গাজীপুর সিটি নির্বাচনে ছয় কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করার জন্য নির্বাচন কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে। কেন্দ্রগুলো হল - চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটার-২৪৮০), চাপুলিয়া মফিজউদ্দিন খান উচ্চবিদ্যালয় (ভোটার ২৫৫২), পশ্চিম জয়দেবপুরের মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১ (ভোটার-২৫৬২), মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-২ (ভোটার-২৮২৭), রানী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র-১ ( ভোটার-১৯২৭) ও রানী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র-২ (ভোটার-২০৭৭)।

কেন্দ্রগুলো চূড়ান্ত হওয়ার পর ওই এলাকার ভোটারদের নিয়ে ইভিএম-এ ভোটের মহড়া হবে।

সিসি ক্যামেরা স্থাপনের প্রস্তাব করা হয়েছে গাজীপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্র, কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও টঙ্গীর আউচপাড়া এলাকার বসির উদ্দিন উদয়ন একাডেমী কেন্দ্রে।

নির্বাচনে মেয়র পদে সাতজন, ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন, ১৯টি সংরক্ষিত আসনে ৮৪ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন।