২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিনে ঈদের আগাম টিকেট বিক্রিতে বিশৃঙ্খলার অভিযোগ

দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি, জোর করে লাইনে ঢুকে টিকেট কিনে ফেলা আর প্রত্যাশিত টিকেট না পাওয়ার অভিযোগের মধ্য দিয়ে গেল শেষ দিনের ঈদ সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2018, 05:05 PM

Updated : 08 Apr 2022, 06:29 PM

বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশনের ২৬টি কাউন্টার থেকে ১৫ জুনের অগ্রিম টিকেট দেওয়া হয়। এদিন ৩১টি আন্তঃনগর এবং নয়টি বিশেষ ট্রেনের ২৭ হাজার ৪৬১টি টিকেট বিক্রি হয়।

সকাল থেকেই টিকেটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনের। টিকেট বিক্রি শুরুর একঘণ্টা পর থেকেই কয়েকটি ট্রেনের টিকেট পাওয়া যাচ্ছে না জানিয়ে টিকেটপ্রত্যাশীরা অভিযোগ করেন, আইনশৃঙ্খলাবাহিনীর সহায়তায় একটি সংঘবদ্ধ চক্র টিকেট কেটে নিচ্ছে।

চট্টগ্রাম যাওয়ার ট্রেনের টিকেটের জন্য আসা মো. সুমন বুধবার সকাল ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের সহায়তায় তারা এই কাজ করছে।

“আমরা গতকাল থেকে স্টেশনে আছি। আজ সকালে টিকেট বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণ পর আমাদের লাইনের মধ্যে হঠাৎ করে ৫-৬ জন এসে ঢুকে পড়েছে। আমরা প্রতিবাদ করেছি। পুলিশ একবার তাদের সরিয়ে দিয়েছে। কিন্তু একটু পর পুলিশই তাদের লাইনে ঢুকিয়ে দিয়ে গেছে।”

একই অভিযোগ পাওয়া গেছে উত্তরবঙ্গগামী বিভিন্ন ট্রেনের কাউন্টারে সামনে থাকা টিকেটপ্রত্যাশীদের কাছ থেকেও।

তিস্তা এক্সপ্রেস ট্রেনের টিকেট কিনতে আসা শফিকুল ইসলাম নামে একজন যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের কাউন্টারেও এই সমস্যা হয়েছে।

“আইনশৃঙ্খলাবাহিনীর কয়েকজন আগের রাত থেকেই তারা এখানে ‘সিরিয়াল’ মেনটেইন করেছে। আমরা মনে করেছি প্রশাসনের লোক। কিন্তু সকালে টিকেট দেওয়ার ঠিক আধাঘণ্টা আগে এসে লাইনের সবার আগে প্রায় ১০ জনকে ঢুকিয়ে দেয়।”

“সে সময় এখানে কোনো সাংবাদিকও ছিল না। পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে ওই লোকদের দিয়ে টিকেট কাঠিয়েছে। কাউন্টারের সামনে আমরা কয়েকজন প্রতিবাদ করলে উল্টো আমাদের লাইন থেকে বের করে দেওয়ার হুমকি দেয় তারা। ইচ্ছেমতো টিকেট নিয়ে চলে গেছে তারা।”

সকাল ৯টার দিকেই রংপুর এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস এবং তিস্তা এক্সপ্রেসের সব টিকেট শেষ হয়ে গেছে বলে কাউন্টার থেকে জানানো হয়।

পাবনার চাটমোহর যাওয়ার ট্রেনের জন্য মঙ্গলবার বিকাল ৪টায় কাউন্টারে এসেছেন। তবে বুধবার সকাল ১০টায়ও কাঙ্খিত টিকেট পাননি তিনি।

“এইখানে আসরের নামাজের পর এসে দাঁড়িয়েছি। ধূমকেতুর টিকেট চেয়েছি। কিন্তু পাইনি। বলে টিকেট শেষ। পরে রাজশাহী স্পেশালের টিকেট কিনেছি। যাওয়ার ইচ্ছে ছিল সকালে, এখন রাতে যাওয়া লাগবে।”

মো. রিমন বিশ্বাস নামে আরেকজন বলেন, “আমার সামনের যারা গিয়েছেন তাদের তিনজন এসি টিকেট কিনেছেন। কিন্তু এরপর আর কাউকে এসি টিকেট দিচ্ছে না। বলছে এসি টিকেট শেষ হয়ে গেছে।”

রংপুর এক্সপ্রেসের টিকেট কিনতে আসা হযরত আলী নামে একজন অভিযোগ করেন, একঘণ্টার মতো টিকেট দেওয়ার পর আর তারা টিকেট পাচ্ছেন না।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শৃঙ্খলাভঙ্গের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার বলেন, এটা হওয়ার কথা না।

“এখানে হাজার হাজার মানুষ আছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে। এখানে পুলিশের পরিচয় দিয়ে টিকেট কাউন্টারে বিশৃঙ্খলা তৈরি করা সম্ভব না।”

টিকেট না থাকার বিষয়ে কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্ত্তী বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত কোচের টিকেটের সংখ্যা কম। তিনি বলেন, প্রত্যাশিত টিকেট না পেলেও লোকজন টিকেট কিনতে পারছে।

“হয়তো কাঙ্খিত টিকেট সবাই কিনতে পারছে না। কিন্তু টিকেট পাচ্ছে। টিকেট পায় নাই এমন অভিযোগ আমি পাই নাই। আর বরাবরই এসি টিকেটের চাহিদা বেশি। তিনটা কাউন্টার থেকে টিকেট দেওয়ার কারণে আগে যারা দাঁড়ায় তারাই এসি টিকেট পায়। বাকিরা পায় না।”