২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যাবসায়ী আটক

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ইটবালু ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2018, 02:55 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার রামশীল ইউনিয়নের রামশীল বাজার থেকে মঙ্গলবার বিকালে হানিফ ব্যাপারীকে (৪৫) তারা আটক করেন।

হানিফের বাড়ি বরিশাল জেলার অগৈলঝাড়া উপজেলার চান্দ গ্রামে।কোটালীপাড়ার রামশীল বাজারের ইট-বালুর ব্যাবসা করেন তিনি।

মেয়েটি স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় তার বাবা মঙ্গলবার রাতে হানিফ ব্যাপারীর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

মেয়েটির বাবা সাংবাদিকদের বলেন, রোববার সন্ধ্যায় আমার বড় ভাইয়ের বাড়ি থেকে আমার মেয়ে বাড়ি ফিরছিল। পথে রামশীল স্লুইচ গেটে কাছে তার ৩০০ টাকা হারিয়ে গেলে সে টাকা খুঁজতে খুঁজতে হানিফের দোকানের সমনে যায়।

“এ সময় হানিফ আমার মেয়েকে বলে যে, তোমার হারিয়ে যাওয়া টাকা আমি পেয়েছি। আমার কথা শুনলে আমি তোমাকে টাকা ফেরত দেব। এ কথা বলে হানিফ আমার মেয়েকে দোকানের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।”

পরে মেয়ের চিৎকারে আশাপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ হানিফকে আটক করে বলে মেয়েটির বাবা জানান।  

তবে অভিযোগ অস্বীকার করে হানিফ বলেন, “এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ‘ষড়যন্ত্র’ করে আমার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে।”