২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় অপহরণের ৯ ঘণ্টা পর কলেজ ছাত্রী উদ্ধার

বগুড়ার ধুনটে এক কলেজ ছাত্রীকে অপহরণের নয় ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 07:45 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার চিকাশী গ্রামের এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।

সোমবার রাত ৮টার দিকে ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের বাড়ি থেকে ওই ছাত্রীকে অপহরণ করা হয় বলে তার বাবার অভিযোগ।

ওই ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপনসহ (৩০) চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন মেয়েটির বাবা।  

অন্য আসামিরা হলেন পশ্চিম ভরনশাহী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৩৫), সিরাজ প্রামানিকের ছেলে ইউনুস আলী (৪০) ও বাবু (২৮)।

এদের মধ্যে জামাল উদ্দিন ও ইউনুস আলীক পুলিশ গ্রেপ্তার করেছে। 

মামলার নথি থেকে জানা যায়, পশ্চিম ভরনশাহী গ্রামের বাসিন্দা বগুড়া সরকারি মজিবর রহমান মহিলা কলেজের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের ওই ছাত্রীকে একই গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন দীর্ঘদিন যাবত উত্ত্যক্ত করে আসছিলেন।

এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও রিপন ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন বলে মামলায় বলা হয়।

মামলায় অভিযোগ করা হয়, সোমবার রাত ৮টায় ইকবাল হোসেন রিপনসহ ৭/৮ জন যুবক ওই ছাত্রীর মাকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে বাড়ি থেকে টেনে হিঁছড়ে জোরপূর্বক একটি সাদা রংয়ের হাইচ মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, মামলা দায়েরের পর পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি জামাল উদ্দিন ও ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে।

“এরপর মঙ্গলবার ভোর ৫টায় চিকাশী গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের বাড়ি থেকে অপহৃত ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।”

তবে এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

পরিদর্শক ফারুকুল ইসলাম আরও জানান, উদ্ধারের পর ডাক্তারি পরীক্ষা এবং জবানবন্দি রেকর্ডের জন্য মেয়েটিকে বগুড়ায় পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুই যবিককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।