বাগেরহাটে বসতবাড়ি ভষ্মীভূত
বাগেরহাটের চিতলমারী উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বেকারি কারখানা ও চারটি বসতবাড়ি পুড়ে গেছে।
সোমবার উপজেলা সদরের বাজারের শহীদ মিনারের কাছে এ অগ্নিকাণ্ড হয়। আগুন নেভাতে গিয়ে চারজন আহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন স্থানীয় মো. এমদাদুল হক (৩২), বিভাস সাহা (২৫), সুমন সাহা (২২) ও হাসান সরদার (১৯)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা সদর ইউনিয়ন পরিষদ সদস্য ইব্রাহিম মুন্সি বলেন, আগুন লাগার পর স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু অল্প সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের বাগেরহাট কার্যালয়ের উপসহকারী পরিচালক সরদার মাসুদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাগেরহাট ও টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে একটি বেকারি কারখানা ও চারটি বসত ঘর পুড়ে গেছে।
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন ওই কর্মকর্তা।
