২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাস বন্ধ গোহালা উপ-স্বাস্থ্যকেন্দ্র

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গোহালা উপ-স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক অবসরে যাওয়ায় এক মাস ধরে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে।

মনোজ সাহা

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2018, 01:08 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

জেলার সিভিল সার্জন তরুন মন্ডল জানান, উপ-সহকারী মেডিকেল অফিসার আনোয়ার হোসেন গত ২৯ এপ্রিল অবসরে যাওয়ায় এই সংকট দেখা দেয়।

এলাকাবাসীর অভিযোগ, আনোয়ার হোসেনের অবসরে যাওয়াটা কোনো আকস্মিক ঘটনা নয়। স্বাস্থ্য বিভাগ বিষয়টাকে গুরুত্বসহকারে নেয়নি।

গোহালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম বলেন, নিম্ন জলাভূমিবেষ্টিত তার এই ইউনিয়নে ৬০ হাজার মানুষের বাস। অধিকাংশ দরিদ্র।

“স্বাস্থ্যসেবায় এই উপ-স্বাস্থ্যকেন্দ্রটি তাদের একমাত্র ভরসা। চিকিৎসক না থাকায় কেন্দ্রটি অচল হয়ে পড়েছে। মানুষ চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছে।”

গোহালা গ্রামের ৯২ বছর বয়সী কাজী মোমিন উদ্দিন কোমরের ব্যথায় ভুগছেন জানিয়ে বলেন, বেসরকারি চিকিৎসক দেখানোর সঙ্গতি নেই তার। দরকার হলে তিনি এই উপ-স্বাস্থ্যকেন্দ্রটিতেই আসেন।

“কিন্তু এখানে এক মাস ধরে ডাক্তার নেই। পাঁচ দিন এসে ফিরে গেছি। কবে ডাক্তার আসবে?”

চিকিৎসকের অভাবে এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই বলে জানিয়েছেন ইউনিয়নের ভট্টাচার্যের কান্দি গ্রামের মুক্তিযোদ্ধা মো. খোরশেদ শেখ।

হরিরচর গ্রামের রাহিলা বেগম (৫৫) আকুতি ভরা কণ্ঠে বলেন, “আমাদের এ অবস্থা থেকে বাঁচান।”

মুনিরকান্দি গ্রামের এম.এ জলিল ওরফে আব্দুল জলিলসহ (৮৫) আরো অনেকে এ রকম আকুতি জানিয়েছেন।

জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী হারুন অর রশীদ মিরন সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।

আর সিভিল সার্জন বলেছেন, চিকিৎসক নিয়োগ দিতে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।