রায়ের ৩২ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
এক যুবককে গাড়িচাপা দেওয়া মামলায় তিন বছরের কারাদণ্ড পাওয়ার ৩২ বছর পর এক আসামিকে ফরিদপুর থেকে আটক করেছে র্যাব।
রোববার সকালে শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান।
গ্রেপ্তার মো. ইউনুছ তালুকদার (৫৫) ১৯৮৬ সালে রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনার এক মামলায় তিন বছরের দণ্ডপ্রাপ্ত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
র্যাব কর্মকর্তা রইছ উদ্দিন বলেন, ইউনুছ শ্যামলী পরিবহনের গাড়ির চালক ছিলেন। ১৯৮৬ সালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ২৫ বছরের এক যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“পরে এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা হয়। ওই মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয় আদালত।”
রায়ের পর থেকেই ইউনুছ পলাতক ছিলেন। ৩২ বছর পলাতক থাকার পর পশ্চিম খাবাসপুর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।
