হবিগঞ্জে নিখোঁজ টমটম চালকের লাশ উদ্ধার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুই দিন আগে নিখোঁজ এক টমটম চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের হামুয়া এলাকা থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মানিকুল ইসলাম জানান।
নিহত শাকিল আহমেদ (১৭) শায়েস্তাগঞ্জ উপজেলার মহলুল সুনাম গ্রামের মুসলিম মিয়ার ছেলে। এলাকায় টমটম চালাতো সে।
পরিদর্শক মানিকুল বলেন, শুক্রবার সকালে টমটম নিয়ে সে বাড়ি থেকে বের হয়। পরে রাতে সে বাড়ি না ফেরায় তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখজি করেও শাকিলকে না পেয়ে তার ভাই মিজান শায়েস্তাগঞ্জ থানায় একটি ডায়েরি করলে অভিযান শুরু নামে পুলিশ।
শনিবার ভোরে শহরের উমেদনগর এলাকা থেকে শাকিলের টমটমটি উদ্ধার এবং দিপুল চন্দ্র নামে একজনকে করকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে শাকিলের লাশ উদ্ধার করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
