২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস কর্মী নিখোঁজ ১৮ দিন

জয়পুরহাট সদরের বাসিন্দা এক গার্মেন্টস কর্মী গত ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

মোমেন মুনি

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2018, 10:31 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

ফেন্সি খাতুন (২৮) নামের ওই মেয়েটি সদর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের মৃত তাজের উদ্দিনের মেয়ে। তিনি গাজীপুরের জয়দেরপুরে একটি গার্মেন্টসের কর্মচারী।

ফেন্সীর স্বজনরা জানান, গত ১৬ মে জয়দেবপুর উপজেলার নান্দুয়ান এলাকার ভাড়া বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি ফেন্সি।  এ ব্যাপারে তার স্বামীর নীরব থাকায় তাকে সন্দেহ করছেন তারা।

২০০৯ সালের ২৭ জানুয়ারি ফেন্সির সঙ্গে দিনাজপুরের খানসামা উপজেলার বাসলি পাট্ট-জয়গঞ্জ গ্রামের নূরল ইসলামের ছেলে সাখাওয়াত হোসেনের বিয়ে হয়।

ফেন্সির ছোট বোন বুলি খাতুন ও ভাই আব্দুল মান্নান বলেন, বিয়ের কিছু দিনের মধ্যে সাখাওয়াত ও তার পরিবার যৌতুকের জন্য ফেন্সিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। এরমধ্যে তাদের বাবা ও  মা মারা গেলে ফেন্সির উপর নির্যাতন আরও বাড়তে থাকে বলে তারা অভিযোগ করেন।

বেশকিছু দিন আগে তারা গাজীপুরে গার্মেন্টসে শ্রমিকের কাজ নেন বলে তারা জানান।

Image
ফেন্সি খাতুন ও তার স্বামী সাখাওয়াত হোসেন

ফেন্সি খাতুন ও তার স্বামী সাখাওয়াত হোসেন

তারা আরও জানান, গত কিছুদিন বোনের খোঁজ খবর না পেয়ে বুলি গত ১৭ মে থেকে ২/৩ দিন ধরে ফেন্সিকে ফোন করলেও তা না ধরায় তাদের সন্দেহ হয়। এ কারণে গত ২১ শে মে বুলি ও তার স্বামী তারজুল ইসলাম বাবু জয়দেবপুর তাদের ভাড়া বাসায় গিয়ে শুধু সাখাওয়াত ও তাদের নয় মাস বয়সী মেয়েকে দেখলেও ফেন্সিকে কোথাও পাননি। এ ব্যাপারে সাখাওয়াতকে জিজ্ঞাসা করে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

পরবর্তীতে তারা ওইদিনই জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন  (জিডি নম্বর-১৪৭৫)

এ ব্যাপারে ফেন্সির স্বামী সাখাওয়াত হোসেনের মোবাইলে ফোন করা হলেও তিনি ধরেননি।

গাজীপুরের জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বিষয়টি নিয়ে থানায় জিডি করা হয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে।