২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সোনারগাঁওয়ে মৎস্য খামারের প্রহরীকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি মাছের খামারের প্রহরীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2018, 06:02 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

শনিবার দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সোনারগাঁও থানার এসআই শাহ কামাল জানান।

নিহত এমদাদ হোসেন (৫০) নীলফামারী সদর উপজেলার মুন্সিপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। চৌধুরীগাঁও এলাকার মোক্তার হোসেনের বাড়ির মাছের খামারে প্রহরী ছিলেন তিনি।

এসআই কামাল বলেন, পরিত্যক্ত জায়গা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

“তার মাথায় রড বা কাঠ দিয়ে আঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

খামারের মালিক মোক্তার হোসেন বলেন, “এমদাদ এক সপ্তাহ হয়েছে কাজে যোগ দিয়েছে, সে ভাল করে এলাকার কাউকে চিনেও না। রাতে খামার থেকে মাছ চুরি করতে আসা দুর্বৃত্তদের দেখে ফেলায় তাকে হত্যা করে পালিয়ে গেছে মনে হচ্ছে।”