২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস-কভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

সিরাজগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে কভার্ড ভ্যানের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ যাত্রী।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2018, 08:48 AM

Updated : 19 Aug 2022, 02:07 PM

বাসটি কভার্ড ভ্যানকে অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম বলেন, শ্যামলী পরিবহনের বাসটি ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিল। শনিবার ভোরের দিকে বাসটি সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুণ্যবাসন এলাকায় একটি কভার্ড ভ্যানকে অতিক্রম করার সময় সংঘর্ষ হয়।

“দুটি গাড়িই উল্টে মহাসড়কের পাশে পড়ে গেলে ঘটনাস্থলে চার বাসযাত্রী মারা যান। তাদের মধ্যে একজন নারী আর তিনজন পুরুষ।”

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

ওসি শহিদ বলেন, এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

সিরাজগঞ্জ শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির এটিএসআই মো. নাজমুল হোসেন হতাহত কয়েকজনের পরিচয় জানিয়েছেন।

তাদের মধ্যে তিনজন হলেন – কভার্ড ভ্যানের চালক যশোরের ঝিকরগাছা উপজেলার নবীনগর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে আরিফুর রহমান, চালকের সহকারী একই এলাকার বাশারের ছেলে দিপু (২২) ও গাইবান্দার সাদুল্লাপুর উপজেলার ক্ষুদ্র কোমরপুর গ্রামের মফিজুল হক চৌধুরীর ছেলে শাহী চৌধুরী (৬০)।

তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তার লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

আহতদের মধ্যে কয়েকজন হলেন - লালমনিরহাটের নারায়ণ (৪৫), গাইবান্ধার সাদ্দাম (৩৫), আব্দুল খালেক (৩০), রোজী (৪০), নূরুজ্জামান (২৫), বিলকিস (৩২), আনোয়ার (৩৫), যশোরের ঝিকরগাছার আরিফ (৩৫) ও পাবনার আলমগীর হোসেন।