২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নান্দাইলে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2018, 12:10 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার উত্তর বানাইল গ্রামে এ ঘটনা ঘটে বলে নান্দাইল মডেল থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান।

নিহত আবুল হাসেমের (৫৫) বাড়ি ওই এলাকায়।   

আহতরা হলেন- আবুল হাসেমের ছেলে আলী উসমান (৪০) ও সুজন মিয়া (২৫), মেয়ে ঝর্ণা বেগম (২৭) এবং ওই এলাকার আবুবক্কর ছিদ্দিক ও তার ছেলে ইলিয়াস আলী (৪৫)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি কামরুল বলেন, আবুবক্কর ছিদ্দিকের হলুদ ক্ষেতে হাসেম আলীর মুরগি ঢোকাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথাকাটি শুরু হয়। এ পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে উভয় পক্ষের পাঁচজন আহত হয়।

“গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসেমকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় আবুবক্কর ও তার ছেলে ইলিয়াসকে আটক করা হয়েছে বলে ওসি জানান।