আশুলিয়ায় কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত সদস্য’ নিহত হয়েছে।
বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার মরাগাং এলাকায় ডাকাতির চেষ্টার সময় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার এসআই রুহুল আমিন জানিয়েছেন।
নিহতের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করলেও তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এসআই রুহুল আমিন বলেন, ভোর ৩টার দিকে একদল ডাকাত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনে ডাকাতির চেষ্টা করছিল। এ সময় টহল পুলিশ সদস্যদের দেখে তারা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে একজন গুলিবিদ্ধ হয়।
“তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধারের খবরও জানান এ পুলিশ কর্মকর্তা। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
