যশোরে পিটুনিতে ‘ডাকাত’ নিহত
যশোরের সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় জনতার পিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে।
নিহত বুলির (৫৬) বাড়ি ওই উপজেলার হাশিমপুর গ্রামে। তার বিরুদ্ধে ১৪টি ডাকাতির মামলা রয়েছে বলে যশোর কোতোয়ালি থানার ওসি আজমল হুদা জানান।
উপজেলার নোঙ্গরপুর গ্রামের যশোর-মাগুরা সড়কের পাশ থেকে সোমবার গভীর রাতে তার লাশ উদ্ধার করা হয়।
ওসি আজমল বলেন, “একদল ডাকাত যশোর-মাগুরা সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দিয়ে বুলিকে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
