মুগ্ধ পিতার হত্যাকারী না: সংবাদ সম্মেলনে মা
ফরিদপুরে দেড় বছর আগে অগ্নিদগ্ধ হয়ে এটিএম রফিকুল হুদা পিন্টুর মৃত্যু দুর্ঘটনা বলে দাবি করেছেন তার স্ত্রী সিলভিয়া হুদা আলো।
এই ঘটনায় তাদের ছেলে ফারদিন হুদা মুগ্ধকে আসামি করে দায়ের করা মামলা ষড়যন্ত্রমূলক বলেও অভিযোগ তার।
সোমবার ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সিলভিয়া হুদা আলো নিজের ছেলেকে নির্দোষ দাবি করে তার মুক্তি চান।
২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর ফরিদপুর শহরের কমলাপুরে নিজ বাড়িতে আগুনে পুড়ে রফিকুল হুদা পিন্টুর মৃত্যু হয়।
ওই ঘটনার ছয়দিন পর পিন্টুর ভগ্নিপতি আকরামউদ্দিন আহমেদ ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে মুগ্ধকে আসামি করা হয়।
চলতি বছরের ২৩ এপ্রিল পুলিশ মুগ্ধকে আটক করেছে। পরে তাকে যশোরে শিশু সংশোধনাগারে রাখা হয়। মুগ্ধ গত বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
সংবাদ সম্মেলনে সিলভিয়া লিখিত বক্তব্যে বলেন, “আমার স্বামী একটি দুর্ঘটনায় মারা যান। অথচ আমাদের সাথে কোনোরকম আলোচনা ছাড়াই আমার স্বামীর ভগ্নিপতি আকরামউদ্দিন আহমেদ মুগ্ধকে পিতার হত্যাকারী সাজিয়ে ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা (নম্বর ৩৭) দায়ের করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সিলভিয়া হুদা আলো
তিনি বলেন, এরপর মুগ্ধ আর তিনি সেখানে প্রথম আগুন নেভাতে যান। কয়েক মিনিট তার আমার স্বামী সেখানে যান এবং আগুন নেভাতে এগিয়ে গেলে তার পরনের লুঙ্গিতে আগুন ধরে যায়। এ সময় তিনি (পিন্টু) দৌড়ে নিচে নেমে গেলে তাদের ভাগ্নে নির্ঝর তাকে একটি কাঁথা জড়িয়ে আগুন নেভান।
আকরামউদ্দিন ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না উল্লেখ করে তিনি বলেন, “কার কাছ থেকে জেনে আকরামউদ্দিন মামলার অভিযোগ করলেন? আর ওই ঘটনায় মুগ্ধ ও আমি অগ্নিদগ্ধ হই এবং ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হই। অথচ এজাহারে সে কথা এড়িয়ে যান কেন?”
সম্পত্তি গ্রাসের উদ্দেশ্যে আকরামউদ্দিন মুগ্ধর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলাটি দায়ের করেছেন বলে সিলভিয়ার দাবি।
সিলভিয়ার অভিযোগ, ৭৫ বছর বয়সী আকরামউদ্দিনের কাছে তার স্বামী দুই লাখ টাকা পেতেন। এই টাকা ফেরত দেওয়ার জন্য ওই দুর্ঘটনার এক সপ্তাহ আগেও চাপ দিলে তাদের মধ্যে বাদানুবাদ হয়। এতে আকরাম সাহেব ক্ষুব্ধ হন।
সিলভিয়া হুদা মিথ্যা মামলা থেকে তার ছেলের নিষ্কৃতি কামনা করেন।
এই মামলার বাদী আকরামউদ্দিন আহমেদ গত বছর মৃত্যুবরণ করেছেন।
