মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার দুইদিন পর হাসপাতালে মৃত্যু হয়েছে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের।
শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুর পৌরসভার সিএন্ডবি বাজারে এ দুর্ঘটনা ঘটে। রাজধানীর একটি হাসপাতালে সোমবার দুপুরে তার মৃত্যু হয়।
মৃত রিফাত আহমেদ (২২) শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের আলহাজ ধনাই বেপারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিনের ছেলে। তিনি আশুলিয়ায় অবস্থিত সিটি ইউনির্ভাসিটির স্নাতক (সম্মান) ইংরেজি বিভাগের ছাত্র।
রিফাতের বাবা রুহুল আমিন জানান, মাস ছয় আগে ছেলের আবদার পূরণ করতে একটি মোটরসাইকেল কিনতে তার খরচ হয় প্রায় ছয় লাখ টাকা।
রুহুল আমিন জানান, শনিবার সকালে মাওনা চৌরাস্তায় বন্ধুদের সঙ্গে দেখা করতে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়েছিলেন রিফাত। পরে ২ নম্বর সিএন্ডবি এলাকায় একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
“তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শ মতে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।”
