সিলেটে বজ্রপাতে তিন ভাইয়ের মৃত্যু
সিলেটে হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে তিন ভাই নিহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরতলীর মিরেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে বলে জালালাবাদ থানার ওসি শফিকুল হক জানান।
নিহতরা হলেন মিরেরগাঁও গ্রামের মো. বদই আলীর ছেলে বাবুল মিয়া (২৩), আমিন মিয়া (১২) ও ইমন মিয়া (৮)।
ওসি বলেন, বিকালে বাবুল, আমিন এবং ইমন বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হয় তারা।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
এছাড়া সুনামগঞ্জ হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে একজন এবং হবিগঞ্জে ধান কাটার সময় আরও একজনের মৃত্যু হয়েছে।
