জামালপুরে ভটভটি চাপায় স্কুলছাত্র নিহত
জামালপুরের ইসলামপুর উপজেলায় ভটভটি চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শনিবার বিকালে ইসলামপুর-সিরাজাবাদ রোডে এ দুর্ঘটনা ঘটে বলে ইসলামপুর থানার ওসি মো. শাহীনুজ্জামান খান জানান।
নিহত মো. রাকিব (১২) উপজেলার সিরাজাবাদ গ্রামের মনু মিয়ার ছেলে। ইসলামপুরের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে।
স্বজনরা জানায়, বিকালে তার বড় ভাই ইয়াছিন আলীর সঙ্গে রিকশায় ইসলামপুর বাজার থেকে বাড়ি ফিরছিল রাকিব। এ সময় একটি ভটভটি পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়।
এতে রাকিব রিকশা থেকে ছিটকে ভটভটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে বলে জানান স্বজনরা।
