২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে চা শ্রমিক হত্যা দিবস স্মরণ

সিলেটে শ্রদ্ধা আর স্মরণে ‘চা শ্রমিক হত্যা দিবস’ পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2018, 04:43 PM

Updated : 19 Aug 2022, 02:04 PM

রোববার দুপুরে মালনীছড়া বাগানের শহিদ মিনারে নিহতদের ফুল দিয়ে শ্রদ্ধা জানায় চা শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা।

এর আগে চা শ্রমিকদের স্মরণে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে চা শ্রমিকরা।

সমাবেশে বক্তারা বলেন, চা প্রতিষ্ঠিত শিল্প হিসেবে স্বীকৃত হলেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি আজও। সরকার ও মালিকপক্ষ চা উৎপাদনে লাভবান হচ্ছে ঠিকই, কিন্তু শ্রমিকদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের অধিকার এখনও নিশ্চিত হয়নি।

এই শিল্পের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে শ্রমিকদের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

চা শ্রমিকদের ওউপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অব্যাহত নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে সে সময়কার চা শ্রমিক নেতা পণ্ডিত গঙ্গাচরণ দীক্ষিত ও পণ্ডিত দেওসরন চা শ্রমিকদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য ‘মুল্লুকে চল’ (দেশে চল) আন্দোলনের ডাক দেন।

ডাকে সাড়া দিয়ে ১৯২১ সালের ২০ মে সিলেট থেকে হেঁটে চাঁদপুর মেঘনা স্টিমার ঘাটে পৌঁছান সিলেট অঞ্চলের ৩০ হাজারের বেশি শ্রমিক। তারা জাহাজে চড়ে দেশে ফিরে যেতে চাইলে ব্রিটিশ সৈন্যরা শত শত চা শ্রমিককে হত্যা করে মৃতদেহ মেঘনায় ভাসিয়ে দেয়।

ব্রিটিশ সৈন্যদের হাত থেকে ওইদিন যারা পালিয়ে এসেছিল তাদেরকেও আন্দোলন করার অপরাধে নির্যাতনের শিকার হতে হয়।

ঘটনার পর ৯৭ বছর কেটে গেলেও দিনটি জাতীয় স্বীকৃতি পায়নি বলে জানান বক্তারার।