ময়মনসিংহে গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ আসামি নিহত
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে।
নান্দাইল থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, উপজেলার চৌরাস্তা কলাপাড়া এলাকায় শুক্রবার রাতে গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইমন (১৯) উপজেলার বনুড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ওসি কামরুল বলেন, বৃহস্পতিবার রানা (১৫) নামে বড়াইল গ্রামের এক কিশোরকে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই হয়। এ ঘটনায় মামলা হলে অন্যতম আসামি ইমন গ্রেপ্তার হন।
“তাকে সঙ্গে নিয়ে অন্য আসামি প্রান্তকে (২২) গ্রেপ্তার করতে গেলে তাদের লোকজন পুলিশের দিকে গুলি ছোড়ে। ইমন পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গোলাগুলির মাঝখানে পড়ে গুরুতর আহত হন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
নিহত ইমনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।
গোলাগুলির সময় এসআই নাজিম উদ্দিন ও কনস্টেবল মোক্তার হোসেন আহত হন বলেও তিনি জানান।
