‘জমির জন্য’ শিক্ষক দম্পতিকে খুন, নয় মাস পর গ্রেপ্তার ৪
টাঙ্গাইলের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ও তার স্ত্রীকে হত্যার পর সেপটিক ট্যাংকে লাশ ফেলে দেওয়ার ঘটনায় নয় মাস পর পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
সৎ ভাইয়ের সঙ্গে জমির বিরোধে এ হত্যার ঘটনা ঘটে বলে শুক্রবার সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান।
গত বছরের ২৬ জুলাই রাতে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অনিল কুমার দাস ও তার স্ত্রী কল্পনা রানী দাস খুন হন। পরদিন বাড়ির সেপটিক ট্যাংকে তাদের লাশ পাওয়া যায়। ওইদিনই তাদের ছেলে বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তাররা হলেন রসুলপুর গ্রামের অব্দুস সালামের ছেলে জাহিদুল ইসলাম (৩২), মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. ফরহাদ (৪৮), মৃত আমির হোসেন ভূঁইয়ার ছেলে মনিরুজ্জামান ভূঁইয়া (৩৩) এবং রসুলপুর শালিনাপাড়ার বাহাজ উদ্দিনের ছেলে মনজুরুল ইসলাম মিনজু (৩৩)।
এসপি সঞ্জিত কুমার সংবাদ সম্মেলনে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে ছয়জন জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেপ্তারদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তি দিয়েছে।
“এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তদন্ত করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।”
মামলার তদন্ত কর্মকর্তা টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান জানান, গত ১২ মে সন্দেহভজন হিসেবে জাহিদুল ইসলাম ও মো. ফরহাদকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা অনিল কুমার ও কল্পনা রানীকে হত্যার কথা স্বীকার করে। পরদিন (১৩ মে) তারা বিচারিক হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী ১৪ মে খোকন ও মিঞ্জুকে গ্রেপ্তার করা হয় বলে রেজাউর জানান।
