কুষ্টিয়ায় বাস উল্টে এক যাত্রী নিহত, আহত ২০
কুষ্টিয়ায় একটি বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
বুধবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার হালসা ওয়াবদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম (৫৫) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এরশাদপুরের মুজাহার হোসেনের ছেলে।
আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়তের বরাত দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ‘আল্লাহর দান’ নামে একটি যাত্রীবাহী বাস হালসার ওয়াবদা মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে ধানক্ষেতে পড়ে যায়।
“এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয় এবং আহত হয় বাসের অন্তত ২০ আরোহী।”
পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বলে জানান ওসি।
