নারী চিকিৎসককে হত্যা চেষ্টা, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসককে হত্যা চেষ্টার অভিযোগে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার বিকালে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা অভিজিৎ মৃধা বাদী হয়ে মামলাটি করেন বলে ফকিরহাট থানার পরিদর্শক (তদন্ত) জগন্নাথ চন্দ্র জানান।
মামলার আসামিরা হলেন উপজেলার মানসা বাহিরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির রেজাউল করিম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সাবেক খাদ্য সরবরাহকারী ঠিকাদার বাহিরদিয়া গ্রামের আনোয়ার হোসেন।
গত ৯ মে ইউপি চেয়ারম্যান রেজাউল করিম তার স্ত্রী ঝর্ণা বেগমকে চিকিৎসা দিতে দেরি হওয়ার অভিযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী চিকিৎসক মৌসুমী ইয়াসমিনকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। একই সময়ে আনোয়ার হোসেন চিকিৎসক অভিজিৎ মৃধাকে মারধর করেন।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুল্লাহ গালিব বলেন, গত ৯ মে দুপুরে রেজাউল করিমের স্ত্রী ঝর্ণা বেগমের শ্বাসকষ্ট বাড়লে তাকে নিয়ে তার সহযোগী আনোয়ার হাসপাতালের জরুরী বিভাগে আসে। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৌসুমী ইয়াসমিন ঝর্ণা বেগমকে অক্সিজেন দেন।
“রোগীকে চিকিৎসা দেওয়া অবস্থায় রেজাউল করিম সেখানে এসে মৌসুমী ইয়াসমিনের গলায় ওড়না দিয়ে শ্বাসরোধ করে এবং আনোয়ার অভিজিৎকে মারধর করে।”
প্রজতন্ত্রের কর্মচারীকে হত্যার চেষ্টা ও মারধরের অভিযোগ এনে দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
পরিদর্শক জগন্নাথ চন্দ্র বলেন, মামলার পর জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
