কুমিল্লায় ২৫ কিলোমিটার জট
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটারে যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
ফেনীর মহিপালে রেলওয়ে ওভারপাস নির্মাণ এলাকায় ভাঙা রাস্তায় বৃষ্টি এই জটের কারণ বলে পরিবহন শ্রমিক ও পুলিশ জানিয়েছে।
ফেনী ট্রাফিক পুলিশের পরিদর্শক মির গোলাম ফারুক বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে জট লাগতে শুরু করে। রাতে আরও বাড়ে। শনিবার সকাল থেকে কমতে শুরু করে।
ওই নির্মাণকাজই যানজটের প্রধান কারণ বলে জানান কুমিল্লার মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাফায়েত।
তিনি বলেন, “নির্মাণকাজ করতে গিয়ে রাস্তায় খানাখন্দ হয়েছে। সেখানে বৃষ্টিতে পানি জমে জট বেড়ে যাচ্ছে। কুমিল্লা অংশে ১৭-১৮ কিলোমিটারে জট রয়েছে।
চট্টগ্রামের ট্রাকচালক শফিকুল ইসলাম বলেন, তিনি শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে রওনা হয়ে ফেনীর মহিপালে এসে জটে পড়েন। শনিবার সকাল সাড়ে ১০টায় কৃমিল্লার চৌদ্দগ্রাম পৌঁছান।
চৌদ্দগ্রামে যানজটে দাঁড়িয়ে থাকার সময় শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহিপাল থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ২৪-২৫ কিলোমিটার পথ আসতে সময় লাগল প্রায় ১০ ঘণ্টা। মহিপালে ফ্লাইওভারের কাজ চলছে। সেখানে ভাঙা রাস্তার কারণে সব সময় কমবেশি জট লাগে। বৃষ্টি হওয়ায় দুর্ভোগ বেড়েছে।”
