কালবৈশাখী ঝড়ে নেত্রকোণায় একজন নিহত
কালবৈশাখী ঝড়ের মধ্যে গাছ চাপা পড়ে নেত্রকোণা সদর উপজেলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত আব্দুল মালেকের (৫৫) বাড়ি সদর উপজেলার আমতলা গ্রামে।
নেত্রকোণা মডেল থানার ওসি বোরহান উদ্দিন জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে প্রায় ১৫ মিনিট জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যায়; সঙ্গে শিলাবৃষ্টিও হয়।
ঝড়ের সময় গাছ চাপা পড়ে আব্দুল মালেক নিহত হন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
এছাড়া ঝড় ও শিলাবৃষ্টিতে সদর ও পূর্বধলা উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে পূর্বধলা উপজেলার চেয়ারম্যান জায়েদুল ইসলাম সুজন জানান।
তিনি বলেন, দুই উপজেলার ৮০০ ঘরবাড়ি ও সহস্রাধিক গাছপালা ভেঙ্গে গেছ। জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
শিলাবৃষ্টিতে পূর্বধলা উপজেলার চারটি ইউনিয়নে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এছাড়া রেললাইনের ওপরে গাছ ভেঙে পড়ে নেত্রকোণার পূর্বধলায় রেল যোগাযোগ বন্ধ রয়েছে সুজন জানান।
এর আগে রোববার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে নেত্রকোণার চার উপজেলায় দশজন নিহত হন।
