২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে জাল টাকাসহ দুই নারী গ্রেপ্তার

ফরিদপুরে ৩২ হাজার টাকা মূল্যের জাল নোটসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2018, 08:08 PM

Updated : 19 Aug 2022, 02:01 PM

মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে ফরিদপুর শহরের নিলটুলী মহল্লার সমরিতা হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মো. শাহীনূর রহমান জানান।

এরা হলেন ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের আনসার কাজীর ডাঙ্গি গ্রামের কাকলী বেগম (৩৫) ও মমতাজ বেগম (৫০)।

এ সময় তাদের কাছ থেকে ২৭টি জাল এক হাজার টাকার নোট এবং ১০টি ৫০০ টাকার নোট জব্দ করা হয়।

সমরিতা হাসপাতালের ব্যবস্থাপক সবুজ আহমেদ বলেন, সোমবার এক নারী হাসপাতালের সামনে এক ডাব বিক্রেতার কাছ থেকে ডাব খেয়ে ৫০০ টাকার একটি নোট দেন। সন্দেহজনক মনে হওয়ায় নোটটি ফিরিয়ে দেন ওই ডাব বিক্রেতা।

“মঙ্গলবার দুপুরে অন্য দুই নারী ওই ডাবওয়ালার কাছে এসে দুটি ডাব খেয়ে এক হাজার টাকার একটি নোট দেন। এ নোটটিও সন্দেহজনক মনে হওয়ায় ডাব বিক্রেতা তা পাশের ফার্মেসির মালিককে দেখালে তিনি তা জাল বলে জানান।”

পরে ওই দুই নারীকে আটক করে পুলিশে খবর দেওয়া হয় বলে জানান তিনি।

এসআই শাহীনূর বলেন, খবর পেয়ে তাদের আটকের ব্যাগ তল্লাশি করে ৩২ হাজার টাকার সমমূল্যের জাল নোট পাওয়া যায়।

এ ব্যাপারে মামলা হয়েছে।