হবিগঞ্জ ও সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ৩
হবিগঞ্জ ও সুনামগঞ্জে বজ্রপাতে দুই ধানকাটা শ্রমিকসহ তিনজনের মৃত্যু হয়েছে; এতে একজন আহত হয়েছেন।
সোমবার হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ও সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের নাদু বৈষ্ণবের ছেলে ধানকাটা শ্রমিক অধীর বৈষ্ণব (২৭), তেলঘরি গ্রামের বীরেশ্বর বৈষ্ণবের ছেলে বসু বৈষ্ণব (৩২) এবং শাল্লা উপজেলার নিয়ামতপুর গ্রামের নবকুমার দাস (৬৫)।
আহত কৃষ্ণধন বৈষ্ণব (৩২) তেলঘরি গ্রামের হরিচরণ বৈষ্ণবের ছেলে।তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ:
সোমবার দুপুরে শাল্লা উপজেলার ছায়ার হাওরে ধান মাড়াই করার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন বলে শাল্লা থানার এসআই সাইফুল ইসলাম জানান।
নিহতের স্বজনদের বরাতে তিনি বলেন, “দুপুরে ছায়ার হাওরে ধান মাড়াই করার সময় বজ্রপাত হলে নবকুমার আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
হবিগঞ্জ:
বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় বৃন্দাচিত্তা হাওরে কয়েকজন শ্রমিক বৃষ্টির মধ্যে ধান কাটতে যান।
“এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই অধীরের মৃত্যু হয়।আর গুরুতর অবস্থায় বসুকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।”
পরে কৃষ্ণধনকে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয় বলে লুৎফুর জানান।
নিহত প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুন খন্দকার জানান।
