২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রাপোল ইমিগ্রেশনে হয়রানির অভিযোগ

বেনাপোল বন্দর ব্যবহারকারী ভারতগামী যাত্রীরা অভিযোগ করেছেন, পেট্রাপোল ইমিগ্রেশনের লোকজন ঘুষের দাবিতে তাদের দীর্ঘ সময় শূন্যরেখায় দাঁড় করিয়ে রেখে হয়রানি করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2018, 09:08 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

সরেজমিনে শূন্যরেখায় যাত্রীদের লম্বা লাইন দেখা গেছে। মাঝে মাঝে এই লাইন শূন্যরেখা ছাড়িয়ে বাংলাদেশেও চলে আসতে দেখা যায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি তরিকুল ইসলাম বলেন, “বিষয়টি বারবার ভারতীয় কর্তৃপক্ষকে বলার পরও কোনো সুরাহা হচ্ছে না। এতে যাত্রীদের অনেক ঝামেলা ও ভোগান্তি পোহাতে হচ্ছে।

ভারতের চব্বিশ পরগনা জেলার নৈহাটির সুনীল কুমার রাজবংশী তার স্ত্রী মায়ারানীকে নিয়ে বাংলাদেশে আত্মীয়বাড়ি বেড়াতে এসেছেন।

শুক্রবার সকালে শূন্যরেখা পার হয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পেট্রাপোল কাস্টমস ও ইমিগ্রেশনে যাত্রীদের ব্যাগ তল্লাশি শেষে পাসপোর্টপ্রতি ৫০০ থেকে হাজার টাকা ঘুষ দাবি করে। না দিলে তারা যাত্রীদের সঙ্গে চরম দুর্ব্যবহার করে। অনেক সময় যাত্রীদের সঙ্গে থাকা মালপত্র ‘অবৈধ’ বলে কেড়ে নেয়।”

ঢাকার দীপজ্যোতি দুই দেশের শূন্যরেখায় দাঁড়িয়ে অভিযোগ করেন, “ভারতীয় হাইকমিশন ভিসা সহজ করেছেও বটে, পেট্রাপোল ইমিগ্রেশনের কতিপয় কর্মকর্তা ও বিএসএফের আচরণে সে সুবিধা ভেস্তে যেতে বসেছে। পাসপোর্টে ‘লাল সিল’ মেরে দেওয়ার হুমকির কারণে তাদের হয়রানির প্রতিবাদ করতে পারি না।”

গোপালগঞ্জের বলয়কৃষ্ণ অধিকারীরও একই অভিযোগ। কতক্ষণ দাঁড়িয়ে আছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, “কমপক্ষে চার ঘণ্টা। দাঁড়াতে দাঁড়াতে ক্লান্ত হয়ে পড়েছি। আরও কত সময় দাঁড়াতে হবে, কখন পার হব কে জানে।”