হৃদরোগের চিকিৎসায় ভারত যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু
যশোরে বাঘারপাড়া উপজেলায় প্রাইভেটকার দুর্ঘটনায় মানিকগঞ্জের এক জুয়েলারি ব্যবসায়ী নিহত হয়েছেন; আহত হয়েছেন তার মেয়েসহ তিনজন।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে যশোর-মাগুরা সড়কে খাজুরার সাদীপুরের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চন্দন নাগ মানিকগঞ্জ শহরের মাজার শরীফ সড়কের নাগ জুয়েলার্সের স্বত্বাধিকারী।
আহতরা হলেন চন্দন নাগের মেয়ে রশ্মি নাগ (২২), তার দোকানের কর্মচারী সজল সাহা (৩০) ও প্রাইভেটকার চালক আব্দুল আজিজ (৪২)। যশোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।
খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদুর রহমান জানান, তারা প্রাইভেটকারে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। দ্রুতগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়।
“পুলিশ ও স্থানীয়রা আরোহীদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে চন্দন নাগের মৃত্যু হয়।”
খবর পেয়ে নিহত চন্দন নাগের স্বজনরা যশোর হাসপাতালে আসেন।
তার ভাই তপন নাগ বলেন, হার্টের চিকিৎসায় চন্দন নাগ ভারতের ভেলর যাওয়ার উদ্দেশ্যে বেনাপোলে যাচ্ছিলেন। প্রাইভেট কার নিয়ে ভোরে তারা বাড়ি থেকে বের হন।
নিহতদের মরদেহ ও আহতদের নিয়ে স্বজনরা বিকালে যশোর ছাড়েন বলে পুলিশ জানিয়েছে।
আহত প্রাইভেটকার চালক আজিজ বলেন, বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক আকস্মিক ডান পাশে সরে এলে তিনি তার গাড়ি নিয়ন্ত্রণ করতে গেলে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
যশোর হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুর রহিম মোড়ল জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
