চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গান পাউডারসহ ৫ জেএমবি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অস্ত্র ও গান পাউডারসহ জেএমবির পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব।
উপজেলার বাজিতপুর এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান।
আটকরা হলেন শিবগঞ্জ উপজেলার ধেবারা গ্রামের মো. জিয়াউল হক ওরফে জিয়া ওরফে আবির ওরফে রঞ্জিত (৩৮), মো. বেলাদুল ইসলাম ওরফে বেলাল (৫০), মো. শরিফুল ইসলাম (৩৪), গোয়াবাড়ী চাঁদপুর গ্রামের মো. তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক ডাক্তার (৩২) ও চাকলা গ্রামের মো. কামাল হোসেন (৩৫)।
রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পে তাদের গণমাধ্যমের সামনে হাজির করে র্যাব মাহবুব আলম বলেন, বাজিতপুর গোরস্থান সংলগ্ন একটি আম বাগানে বৈঠকের সময় তাদের আটক করে র্যাব।
“এদের মধ্যে জিয়াউল ওরফে জিয়াউর ওরফে জাকিউল ওরফে জিয়া রাজশাহী অঞ্চলের এক দায়িত্বশীলের নেতৃত্বে মাঠ পর্যায়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছে।তার অধীনে আরও কিছু সাথী ভাই রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁসহ বিভিন্ন অঞ্চলে কাজ করছে।”
