২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদে গিয়ে প্রার্থীদের ভোট প্রার্থনা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রধান দুই দলের মেয়র প্রার্থীরা জুম্মার নামাজে গিয়ে নামাজিদের কাছে ভোট ও দোয়া চেয়েছেন।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2018, 12:32 AM

Updated : 11 Oct 2022, 12:18 PM

আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম শুক্রবার বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর সেখানে মুসল্লি ও ভোটারদের কাছে দোয়া, সহযোগিতা ও ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন। 

বিকাল ৪টায় সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের তারগাছ এলাকায় পথসভার মাধ্যমে দিনের গণসংযোগ কর্মসূচি শুরু করেন।

পরে চান্দরা মাদ্রাসা ময়দান, আব্দুল হাই চেয়ারম্যানের বাড়ির আঙিনা, বঙ্গবন্ধু কলেজ মাঠ, জামান মার্কেট, আশ্রাব আলীর বাড়ির আঙিনা, কলমেশ্বরে দুলাল মার্কেট, কাথুরা, কামারজুরী, পলাশোনা এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।

তিনি নৌকার লিফলেট বিলি করে ভোট চান।

এ সময় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শহিদুল্লাহ, মহানগর সদস্য আকরাম হোসেন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের গণসংযোগ

বিএনপি মেয়র প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মাজহারল আলম জানান, শুক্রবার সকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান টংগী ও গাছার বিভিন্ন ওযার্ডে ধানের শীষের গণসংযোগ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নজরুল ইসলাম খান ৩৮ নম্বর ওয়ার্ডের বটতলায় মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের সঙ্গে মিলিত হয়ে পথসভায় বক্তব্য রাখেন।

পরে হাসান সরকার গাছার বাদশা মিয়া স্কুল, আপন বাজার, হিন্দুবাড়ি মোড়, ডেগের চালা, বটতলা, মৈরানসহ বিভিন্ন স্পটে ব্যপক গণসংযোগ ও পথসভা করেছেন।

দুপুরে ডেগেরচালা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার।

সেখানে তিনি ভোটার ও মুসল্লিদের কাছে ভোট ও দোয়া চান। এ সময় তিনিও ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে, বিকাল সাড়ে ৩টায় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, নির্বাচন পরিচালনা প্রধান ফজলুল হক মিলন, পৌর বিএনপি সভাপতি মীর হালিমুজ্জামান ননী জোড় পুকুর এলাকায় গাজীপুর পৌর নেতাকর্মীদের সাথে নির্বাচনী এজেন্ট নিয়োগসহ তাদের বিভিন্ন কর্মকাণ্ড বিষয়ক এক ঘরোয়া সভা করেন।

এছাড়া  ৪২ নম্বর ওয়ার্ডে পুবাইলের বিভিন্ন এলাকায় বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম  মো. জাহিদ হোসেন, ডা. মোস্তফা কামাল, ডা. আশরাফ উদ্দিন, ডা. খলিলুর রহমান, ডা. মো. জাকির হোসেনসহ একটি চিকিৎসকদল গণসংযোগ করেছেন।