২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ২ রোহিঙ্গা নারী আটক

কক্সবাজারের উখিয়ার ক্যাম্প থেকে পালিয়ে আসা দুই রোহিঙ্গা নারীকে সিরাজগঞ্জে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 08:41 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, শুক্রবার বিকালে চৌহালী উপজেলার এনায়েতপুরের ভাঙ্গাবাড়ি বারুপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে। 

এরা হলেন মায়ানমারের মেরুল্লা জেলার মন্ডু রাশিদা থানার করতালী গ্রামের আমানুল্লাহর মেয়ে রোকেয়া খাতুন (২০) এবং শিকদার পাড়া গ্রামের আব্দুল হকের মেয়ে রহিমা খাতুন (১৮)।

ওসি রাশেদুল জানান, এই দুই নারী মালয়েশিয়ায় অবস্থানকারী তাদের স্বামীর কাছে যাওয়ার জন্য পাসপোর্ট করতে ‘আদম ব্যবসায়ী’ নজরুলের বাড়িতে অবস্থান করছিলেন।

“বিষয়টি জানতে পেরে নজরুলের বাড়িতে অভিযান চালিয়ে এই দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নজরুল ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে।”

আটক দুই নারীকে আইনি প্রক্রিয়ায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফেরৎ পাঠানোর প্রক্রিয়া চলছে।

গত বছরের অগাস্টের পর বাংলাদেশে আসা রোহিঙ্গাদের অনেকেই বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। মাঝেমধ্যে বিভিন্ন জেলায় তাদের আটক হওয়ার খবর পাওয়া যায়।

গত আট মাসে এ পর্যন্ত সাত লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।