মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন
সড়ক দুর্ঘটনার প্রতিবাদ ও প্রতিরোধের দাবিতে মানববন্ধনসহ মিছিল কর্মসূচি পালন করেছেন মুন্সীগঞ্জের কলিম উল্লাহ কলেজের শিক্ষার্থীরা।
ভবেরচর বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে শুক্রবার বেলা ১১টা থেকে আধা ঘণ্টা মানববন্ধন করেন তারা। এরপর তারা সেখান থেকে সংক্ষিপ্ত মিছিল বের করেন।
গত ২ এপ্রিল কলেজের বিএ পাস কোর্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বিল্লাল হোসেন এই বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় মারা যান।
কর্মসূচিতে যোগ দিয়ে বিল্লালের বড় বোন সালমা বেগম বলেন, “অদক্ষ চালক আর তার বেপরোয়া গতির কারণে বিল্লালকে এই বয়েসে পৃথিবী ছেড়ে যেতে হল। আর যাতে কারও ছোট ভাইকে এভাবে অকালে মরতে না হয় সেই দাবি জানাই।”
কর্মসূচি থেকে কয়েকটি দাবি জানানো হয়েছে।
শিক্ষার্থীদের এ কর্মসূচির সঙ্গে এলাকাবাসীসহ স্থানীয় জনপ্রতিনিধিরাও যোগ দেন।
গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ফরাজী, ভবেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহিদ মোহাম্মদ লিটন কর্মসূচিতে যোগ দিয়ে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন।
কর্মসূচি শেষে তারা গজারিয়া থানার ওসি মো. হারুন-অর-রশীদের কাছে স্মারকলিপি দেন।
