২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নবীন ও নারী ভোটার ‘হয়ে উঠতে পারে নির্ণায়ক’

সোয়া ১১ লাখ ভোটারের গাজীপুর সিটি করপোরেশনে ১ লাখের বেশি ভোটার এবারই প্রথম ভোট দিতে যাচ্ছেন, যাদের মধ্যে নারীরা সংখ্যাগরিষ্ঠ। 

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2018, 02:24 PM

Updated : 08 Apr 2022, 06:17 PM

ফলে স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানের জন্য নতুন জনপ্রতিনিধি নির্বাচনে এবার নবীন ও নারী প্রার্থীদের ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।  

গাজীপুরের জেলা নির্বাচন কর্মকর্তা এবং সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান, এই সিটির মোট ভোটার এখন ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী।

তাদের মধ্যে নবীন ভোটারের সংখ্যা ১ লাখ ১০ হাজার ৭৯৮ জন; যাদের মধ্যে পুরুষ ৪২ হাজার ১৫৮ জন এবং নারী ৬৮ হাজার ৬৪০ জন। সর্বশেষ হালনাগাদে তাদের নাম ভোটার তালিকায় উঠেছে।  

২০১৩ সালে গাজীপুরের প্রথম সিটি করপোরেশন নির্বাচনে ভোটার ছিলেন ১০ লাখ ২৬ হাজার ৯৩৮ জন। তাদের মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৭৭৭ জন ছিলেন পুরুষ, ৪ লাখ ৯৯ হাজার ১৬১ জন ছিলেন নারী।

তারিফুজ্জামান বলেন, এই হিসাবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেড়েছে বেশি। সামগ্রিকভাবে ভোটার বেড়েছে ১০.৭৮%। আর নারী ভোটার বেড়েছে ১৩.৭৫%।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হবে।

এবার নারী ভোটার বৃদ্ধির পেছনে তিনটি কারণের কথা বলছেন গাজীপুর আদালতের সাবেক এপিপি মো. আসাদুল্লাহ বাদল।

তিনি বলেন, প্রবাসী পুরুষদের অনেকেই এবার হালনাগাদে ভোটার হননি। গাজীপুরে প্রচুর পোশাক কারাখানা রয়েছে, সেখানে বাইরে থেকে কাজ করতে আসা শ্রমিকদের ৮০ শতাংশই নারী; তারাও এখানে ভোটার হয়েছেন।

আর পুরুষের মৃত্যুহার ‘তুলনামূলক বেশি হওয়াও’ একটি কারণ হতে পারে বলে মনে করেন এই আইনজীবী।  

তিনি বলেন, “নবীন ও নারী ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ায় তাদের ভোট নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে ‘বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।”

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান, ভোটার বেড়ে যাওয়ায় এবার ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কর্মকর্তাসহ আনুষাঙ্গিক জনবল বাড়ানো হয়েছে। 

গত নির্বাচনে এই সিটিতে ভোটকেন্দ্র ছিল ৩৯২টি; এবার ৩৩টি বেড়ে হয়েছে ৪২৫টি। এছাড়া ৪৭২টি ভোটকক্ষ বাড়ানো হয়েছে।

এর সঙ্গে সামঞ্জস্য রেখে ৩৩ জন প্রিজাইডিং অফিসার, ৪৭২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এং ৪৯৯ জন পোলিং অফিসার বাড়ানো হয়েছে।

সামগ্রিকভাবে ভোটের কাজে জনবল এক হাজার ৪৪৯ জন বৃদ্ধি পেয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা তারিফুজ্জামান।