২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কাউন্সিলর প্রার্থীদের পছন্দের শীর্ষে আনারস, ঘুড়ি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদের প্রতীক বরাদ্দের সময় কয়েকটি মার্কার দাবিদার বেশি হওয়ায় বিপাকে পড়েন নির্বাচনী কর্মকর্তারা। পরে লটারির মাধ্যমে এর নিষ্পত্তি করা হয়।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2018, 01:34 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

গাজীপুরের নির্বাচনী কর্মকর্তা জানান, মঙ্গলবার প্রতীক বরাদ্দের সময় ‘আনারস’ ও ‘ঘুড়ি’ প্রতীকের জন্য আবেদনকারীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি।

আর প্রার্থীরা বলেছেন, ‘আনারস’ ও ‘ঘুড়ির’ জনপ্রিয়তা বেশি বলে মনে করায় তারা ওই প্রতীক চেয়েছিলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদের ছয় প্রার্থীর সবাই আনারস প্রতীক চেয়েছিলেন।

একইভাবে ৫ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের ৬ প্রার্থীর মধ্যে তিনজন আনারস চেয়েছিলেন বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.মিজবাহ উদ্দিন জানান।

আর টঙ্গী এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.সুমন মিয়া জানান, সংরক্ষিত ১৫ নম্বর ওয়ার্ডের ছয় নারী প্রার্থীর সকলেই আনারস প্রতীকের আবেদন করেছিলেন। 

এদিকে পুরুষ প্রার্থীদের আগ্রহ বেশি ছিল ঘুড়ি প্রতীক নিয়ে। ১৩ নম্বর ওয়ার্ডের চার প্রার্থীর মধ্যে দুজন, ১৪ নম্বর ওয়ার্ডের পাঁচজনের মধ্যে দুইজন, ১৫ নম্বর ওয়ার্ডের চারজনের মধ্যে তিনজন, ৪০ নম্বর ওয়ার্ডের তিন প্রার্থীর মধ্যে দুজন, ৪১ নম্বর ওয়ার্ডের চার প্রার্থীর মধ্যে তিনজন, ৪২ নম্বর ওয়ার্ডের পাঁচ প্রার্থীর মধ্যে তিনজন এবং ৪৩ ও ৪৫ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ প্রার্থী ঘুড়ি প্রতীক বরাদ্দ চান।

পরে লটারির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয় বলে সংশ্লিষ্ট সহকারী রিটার্নি কর্মকর্তারা জানান।

সহকারী রিটার্নি কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, এবার সংরক্ষিত ১৯টি ওয়ার্ডে মোট ৮৪ জন এবং ৫৭টি সাধারণ ওয়ার্ডে ২৫৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থীদের জন্য আনারস, গ্লাস, চশমা, জিপ গাড়ি, ডলফিন, বই, বেহলা, মোবাইল ফোন, স্টিলের আলমারি এবং হেলিকপ্টার থেকে পছন্দের প্রতীক চাওয়ার সুযোগ ছিল।  

আর সাধারণ ওয়ার্ডের প্রার্থীদের জন্য ছিল এয়ার কন্ডিশনার, করাত, কাঁটা চামচ, ঘুড়ি, ঝুড়ি, টিফিন ক্যারিয়ার, ট্রাক্টর, ঠেলাগাড়ি, ব্যাডমিন্টন র‌্যাকেট, মিষ্টি কুমড়া, রেডিও এবং লাটিম।

ইস্তাফিজুল বলেন, “প্রতীক বরাদ্দ করতে গিয়ে দেখা গেছে, সংরক্ষিত ওয়ার্ডের নারী প্রার্থীদের মধ্যে আনারস এবং সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ঘুড়ি প্রতীকের চাহিদা বেশি।”

সংরক্ষিত ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী রীনা আক্তার বলেন, ডলফিন, বেহালাসহ বেশ কিছু প্রতীক রয়েছে যা ভোটারদের কাছে খুব বেশি চেনা নয়। তাই প্রচলিত এক-দুটি প্রতীকের দিকেই সবার আগ্রহ ছিল।