২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে দুই জেলায় নিহত ৬

কিশোরগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে শিশু ও নারীসহ ছয় জন নিহত হয়েছেন; আহত হয়েছেন একজন।

হবিগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2018, 11:49 PM

Updated : 19 Aug 2022, 01:56 PM

রোববার বিকালে ঝড়-বৃষ্টির মধ্যে এ হতাহতের ঘটনা ঘটে।  

কিশোরগঞ্জের বাজিতপুরে আবদুর রাশীদ (৩৫) ও তৌহিদ মিয়া (২৭) এবং মিঠামইনে গৃহবধূ রুপচাঁন আক্তার (৬০) মারা যান।  

আহত হয়েছেন রুপচাঁন আক্তারের স্বামী ফরহাদ চৌধুরী। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাজিতপুর থানার ওসি সাইফুর রহমান বলেন, বিকালে উপজেলার মাইজচর কাটাবন ও বাহেরবালী হাওরে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই রশীদ ও তৌহিদের মৃত্যু হয়।

আবদুর রাশীদ নেত্রকোনার বারহাট্টা উপজেলার আবদুল মজিদের ছেলে এবং তৌহিদ মিয়া কিশোরগঞ্জের বাজিতপুরের বাহেরবালি গ্রামের ছমেদ মিয়ার ছেলে।

মিটামইন থানার ওসি আলমগীর হোসেন জানান, উপজেলার বৈরাটি গ্রামে বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে রুপচাঁন আক্তারের মৃত্যু হয়। এ সময় তার স্বামী ফরহাদ চৌধুরী আহত হন। তবে ফরহাদ চৌধুরী আশঙ্কামুক্ত বলে জানান তিনি।

হবিগঞ্জে শিশুসহ নিহত ৩

হবিগঞ্জের লাখাই ও বানিয়াচং উপজেলায় বজ্রপাতে দুই কৃষক ও এক শিশু নিহত হয়েছে।

রোববার বিকালে এ ঘটনা ঘটে বলে লাখাই ও বানিয়াচং থানা পুলিশ জানিয়েছে।  

নিহতরা হলেন লাখাই উপজেলার স্বজন গ্রামের কাদির মিয়ার ছেলে নুফুল মিয়া (৪৫), দেলোয়ার হোসেনের ছেলে আপন মিয়া (৩৫) এবং বানিয়াচংয়ের হিয়ালা আগলা বাড়ির ফুল মিয়ার ছেলে মঈন উদ্দিন (১২)।

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) দেওয়ান মো. নুরুল ইসলাম বলেন, বিকালে নুফুর ও আপন নামের দুই কৃষক বাড়ির পাশে হাওরে ধান তোলার কাজে ব্যস্ত ছিলেন।

“এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। পাশের জমিতে কর্মরত শ্রমিকরা তাদেরকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

ওসি নুরুল ইসলাম জানান, আপন মিয়ার শরীর ঝলসে গেছে। মরদেহ দুটি তাদের পরিবারের জিম্মায় রয়েছে।

বানিয়াচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, হিয়ালা আগলা বাড়ির মঈন উদ্দিন বাড়ির পার্শ্ববর্তী মাঠে খেলা করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুরনো খবর:

হবিগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ৩