২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটো আরোহীর

সিরাজগঞ্জ সদরে ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন। 

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2018, 01:07 PM

Updated : 08 Apr 2022, 06:16 PM

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর দিয়ার বৈদ্যনাথ এলাকার সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাকের (৬৫) বাড়ি সদর উপজেলার বহুলী ইউনিয়নের মাছুয়া কান্দির গ্রামে।

আহতরা হলেন- সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর গোলামী গ্রামের আশরাফ আলী (৪০), শিয়ালকোল ইউনিয়নের সারটিয়া গ্রামের কামাল (৪২) ও কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের মোহাম্মদ আলী (৪৫)। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, অটোরিকশাটি নলকা থেকে যাত্রী নিয়ে শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি ট্রাকের ধাক্কায় অটোটি দুমড়ে মুচড়ে গিয়ে চার যাত্রী আহত হন।

“স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাজ্জাকের মৃত্যু হয়।”

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।