২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় স্কুলের দেয়াল ধসে ৪ শিক্ষার্থী আহত

পাবনা পৌর এলাকায় শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা দেয়াল ধসে চার শিশুশিক্ষার্থী আহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2018, 02:06 PM

Updated : 08 Apr 2022, 06:15 PM

সদর থানার ওসি ওবায়দুল হক জানান, আহতদের মধ্যে চারজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করার পর সেখান থেকে দুইজনকের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শিক্ষার্থীরা হচ্ছে - শিবরামপুর এলাকার আইয়ুব আলীর মেয়ে আফরিন, আফসানা, আমিন উদ্দিনের ছেলে আল আমিন ও মানিক রতনের ছেলে ইসমাইল।

আহত আফরিন ও আফসানা দ্বিতীয় শ্রেণির আর আল আমিন ও ইসমাইল শিশু শ্রেণির ছাত্র।

রাজশাহী পাঠানো হয়েছে আফরিন ও ইসমাইলকে।

ওসি ওবায়দুল বলেন, বিদ্যালয়ে সংস্কারকাজের জন্য দেয়ালঘেঁষে বালুসহ নির্মাণসামগ্রী রেখেছে ঠিকাদার প্রতিষ্ঠান। শনিবার সকাল ১০টার দিকে দেয়ালের পাশে খেলাধুলা করছিল শিক্ষার্থী। হঠাৎ দেয়াল ধসে চার শিক্ষার্থী আহত হয়।

দুর্ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রধান শিক্ষক এনামুল হক সিদ্দিকী বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

দুর্ঘটনার পর হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম ও অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

জেলা প্রশাসক বলেন, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।